পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী
২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের আকষ্মিক মৃত্যু ঘটে। তারপর কেটে গিয়েছে প্রায় ৬ বছর। কিন্তু একবারের জন্য হলেও পর্দায় আর ফিরতে পারেননি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। দীর্ঘ বিতর্কে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন তিনি। একমাসের হাজতবাসও হয়েছিল তাঁর। মর্মান্তিক সেই ঘটনা তাঁর জীবনে আমুল পরিবর্তন নিয়ে আসে। ক্যামেরা থেকে দীর্ঘদিন দূরে থেকে একসময় তিনি ভেবেছিলেন, আর হয়তো কখনো অভিনয় জীবনে ফিরতে পারবেন না। কিন্তু সম্প্রতি জানা গেছে, কঠিন সময় পেরিয়ে রূপোলী পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী।
সম্প্রতি নেটফ্লিক্স তাদের আগামী কয়েকটি প্রজেক্ট ঘোষণার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। অনুষ্ঠানটির নাম ছিল ‘নেক্সট অন নেটফ্লিক্স’। সেই অনুষ্ঠানে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ঘোষণা করেন ‘ফ্যমিলি বিসনেস’ নামের একটি নতুন ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। এদিনের অনুষ্ঠানে সিরিজের টিজারও প্রকাশ করা হয়। এতদিন পর নতুন করে কাজ শুরু করতে পেরে তিনি ভীষণ খুশি। সঙ্গে শেয়ার করলেন কিছু অনুভূতি।
বুধবার, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে আবেগঘন প্রতিক্রিয়া জানান তিনি। ভিডিওতে ২০১৯ সালের ‘চেহরে’ ছবির কথা তিনি স্মরণ করছেন। এরপর ‘ফ্যামিলি বিজনেস’ সিনেমার কথা ঘোষণা করে উৎসাহের সুরে রিয়া বলেন, ‘৭ বছর! সত্যি অদ্ভুত লাগছে! আমার কাছে এটা সত্যিই অবাস্তব। আমি কোনোদিন ভাবিনি যে আবার অভিনয় করতে পারব।’
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৭ বছর হয়ে গেল শেষ যেবার আমি সেটে গিয়ে দাঁড়িয়েছিলাম। যদিও আমি এখনো সেই একই মেয়ে যে ১৭ বছর বয়সে একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বোম্বে এসেছিল। মাঝে, আমার একটা সত্তা এগিয়ে গিয়েছিল কিন্তু একটি অংশ এখানে থেকে অপেক্ষা করছিল স্বপ্ন পূরণ করার আশায়। এবং আবার আমি আমার জীবনের দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছি ।’
প্রসঙ্গত উল্লেখ্য, নীরেন ভাট পরিচালিত ‘ফ্যামিলি বিজনেস’ সিরিজের প্রযোজনা করেছেন হনসল মেহতা এবং বিক্রম মালহোত্রা। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বিজয় ভার্মা এবং অনিল কাপুরকে। এছাড়া সিরিজে অন্যান্য গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব সেহগল, নেহা ধুপিয়া, রাইমা সেন, আকাশ খুরানা, টিনা দেশাই প্রমুখরা। যদিও নেটফ্লিক্স-এর তরফ থেকে সিরিজটি কবে মুক্তি পাবে সে নিয়ে কোনো ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?
আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’-এর টিজারে দোজা ক্যাটের গান নিয়ে চর্চা তুঙ্গে


