Mohammed Siraj Consoles Sister Zanai Bhosle
চিরনিদ্রায় সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে। শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ‘অভিভাবকহীন’ নাতনি জনাই ভোঁসলে, সিরাজের সান্ত্বনা দেওয়ার ভিডিও দেখে চোখে জল নেটিজেনদেরও।
সংগীতজগতে নক্ষত্র পতনের পর থেকেই মুম্বইয়ে গভীর শোকের আবহ। ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, তাঁর মৃত্যুর পর শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমেছিল তাঁর বাসভবনে। এই শোকের মধ্যেই সামনে এসেছে একটি ভিডিও, যা ইতিমধ্যেই নেটদুনিয়াকে চোখের জলে ভাসিয়েছে।
আশা ভোঁসলের মুম্বইয়ের বাড়িতে সকাল থেকেই ভিড় বাড়তে থাকে। একের পর এক মানুষ এসে পৌঁছান তাঁদের প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে। সেই সময় সেখানে দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের তারকা মোহম্মদ সিরাজ-কে (Mohammed Siraj)। তিনি এসেছিলেন শুধু শ্রদ্ধা জানাতে নয়, বরং একজন কাছের মানুষের পাশে দাঁড়াতে।
আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে-র (Zanai Bhosle) সঙ্গে সিরাজের সম্পর্ক অনেকটাই ভাই-বোনের মতো। এই সম্পর্কের কারণে তিনি এই কঠিন সময়ে জ়নাইয়ের পাশে থাকতে মুম্বইয়ের বাসভবনে পৌঁছান। ভিডিওতে দেখা যায়, সিরাজ ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন। চারপাশে অনেক মানুষ, সবাই শেষ শ্রদ্ধা জানাতে ব্যস্ত। কিন্তু তাঁর লক্ষ্য ছিল একটাই—জ়নাইকে খুঁজে পাওয়া।
অবশেষে যখন তাঁদের দেখা হয়, তখন জ়নাই নিজেকে আর সামলাতে পারেননি। তিনি কান্নায় ভেঙে পড়েন এবং সিরাজের বুকে মাথা রেখে কাঁদতে থাকেন। সেই মুহূর্তে সিরাজ তাঁকে সান্ত্বনা দেন। বাসভবন থেকে পাওয়া এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই দৃশ্য দেখে আবেগে ভেঙে পড়েছেন।
আশা ভোঁসলে ভারতীয় সংগীত জগতের এক অবিচ্ছেদ্য নাম। বহু ভাষায় অসংখ্য গান গেয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর কণ্ঠ আজও লক্ষ লক্ষ মানুষের কাছে প্রিয়। তাঁর প্রয়াণে সংগীত জগতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।
শেষকৃত্যের এই দিনে অনেক আবেগঘন মুহূর্ত সামনে এসেছে, কিন্তু জ়নাই ও সিরাজের সেই দৃশ্যটি সবচেয়ে বেশি মানুষের মনে দাগ কেটেছে। পরিবার, বন্ধু,ও শুভানুধ্যায়ীরা যখন কিংবদন্তি গায়িকা কে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন, তখনই এই আবেগঘন মুহূর্তটি ঘটে।
তথ্যসূত্র- নিউজ১৮
আরও পড়ুন – প্রয়াত আশা ভোঁসলে, শেষ হলো সুরের এক স্বর্ণযুগ


