Adah Sharma
‘কেরালা স্টোরি’ নিয়ে কম বিতর্কে জড়াননি অভিনেত্রী আদা শর্মা। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ‘প্রোপাগান্ডা’ তকমা। তবে সেসব এখন অতীত। সম্প্রতি সেই আদা শর্মার একটি মন্তব্য ঘিরে ফের শোরগোল পড়ে গেছে সমাজমাধ্যমে। সরাসরি তিনি আঙুল তুলেছেন এক প্রযোজকের বিরুদ্ধে। ওই প্রযোজকের অপেশাদার আচরণের জন্যই নাকি তিনি এখন ‘বেকার’ হয়ে বসে আছেন। এমনকি মানসিকভাবেও বিদ্ধস্ত হয়ে পড়েছেন তিনি। ঠিক কি বলেছেন তিনি? নেপথ্যে রয়েছে কোন কারণ?
‘কেরালা স্টোরি’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল। ছবিতে আদা শর্মার অভিনয় পছন্দ হয়েছিল দর্শকদের। মনে করা হয়েছিল, এই ছবির সাফল্যের পর আদা শর্মার কাছে একাধিক নতুন ছবির প্রস্তাব আসবে। কিন্তু তা নাকি হয়নি। তিনি জানিয়েছেন তাঁর হাতে এখন কোনো কাজ নেই। নেপথ্যে রয়েছে এক প্রভাবশালী প্রযোজকের খামখেয়ালিপনা। যার জন্য তাঁর কেরিয়ার এখন সংকটে। কিরকম?
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী আদা শর্মা। ভিডিওতে তিনি জানান, একসঙ্গে তিনটি ছবির কাজ হাতে নিয়েছিলেন তিনি। কিন্তু তারমধ্যে একটি ছবির প্রযোজকের আচরণ তাঁকে চরম বিপাকে ফেলে দিয়েছে। আদার অভিযোগ, প্রথম ছবিটির প্রযোজক বারবার শুটিংয়ের তারিখ বদলাতে থাকেন। ফলে অন্য কাজের সঙ্গে সময় মেলানো ক্রমশ কঠিন হয়ে পড়ছিল তাঁর পক্ষে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে আদার ম্যানেজার বিষয়টি প্রযোজককে জানান। কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। আদার দাবি, ওই প্রযোজক অত্যন্ত অশালীন ভাষায় কথা বলেন এবং গালিগালাজও করেন।
এখানেই শেষ নয়। আদার কথায়, ওই প্রযোজক জোর করেই দাবি করেন- অভিনেত্রী যে তারিখগুলো অন্য ছবির জন্য দিয়ে রেখেছেন, সেগুলো তাঁকে দিতে হবে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত অন্য দুই ছবির পরিচালক ও প্রযোজকদের কাছে অনুরোধ করেন আদা। অনেক অনুরোধের পর শুটিংয়ের তারিখ পাল্টানো হয়। এমনকি তাঁর জন্য একটি ছবির পুরো কাস্টের শুটিংও পিছিয়ে দেওয়া হয়।
কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। বরং পুরোপুরি পাল্টি খেলেন প্রথম ছবির ওই প্রযোজক। আদার দাবি, তিনি যখন সব দিক সামলে ওনার দাবিমত সময় বার করেন, তখন সেই প্রযোজক হঠাৎ জানিয়ে দেন- এখন নাকি তাঁর ওই তারিখগুলোর আর দরকার নেই।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আদা বলেন, ওনার এই খামখেয়ালিপনার জন্য তিনি অন্য ছবিগুলোর কাজও হাতছাড়া করেছেন। ফলে এখন তাঁর কাছে এক মাস ধরে কোনো কাজ নেই। অভিনেত্রীর কথায়, এই ঘটনার প্রভাব পড়েছে তাঁর মানসিক অবস্থার উপরেও। তাঁর আক্ষেপ, “আমি মানসিকভাবে, আর্থিকভাবে এবং পেশাগতভাবে নিজেকে দেউলিয়া মনে করছি। একটা মানুষের এমন আচরণে আমার পুরো কাজের পরিকল্পনাই ভেঙে পড়েছে।”
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নেটমাধ্যমে চর্চা শুরু হয়েছে। যদিও অভিযুক্ত প্রযোজকের নাম এখনও প্রকাশ করেননি আদা। তবে বাকি দুজন প্রযোজক যেভাবে তাঁকে সহযোগিতা করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। আদার মতে, ইন্ডাস্ট্রিতে সবাই তো আর খারাপ নন।
আরও পড়ুন – মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী
আরও পড়ুন – ভারত সফরে শাকিরার কনসার্টের সংখ্যা বেড়ে তিন


