Saturday, March 7

বিনোদন

আরও ভয়ঙ্কর রণবীরের হামজা, ‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে শুধুই প্রতিশোধের আগুন

‘ধুরন্ধর’-এর এই কিস্তিতে হামজা কার্যত লিয়ারির দখল নেবে। ‘রেহমান ডাকাইত’কে খতম করে কায়েম করবে তাঁর আধিপত্য। কিন্তু এবার কি তাঁর আসল পরিচয় ফাঁস হবে?
আরও ভয়ঙ্কর রণবীরের হামজা, 'ধুরন্ধর ২'-এর ট্রেলারে শুধুই প্রতিশোধের আগুন
প্রকাশ্যে 'ধুরন্ধর ২'-এর ট্রেলার। ছবি- ইনস্টাগ্রাম।

‘Dhurandhar 2’ Trailer Review

বলিউডে দেশভক্তির গল্প নতুন কিছু নয়। তবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর এই ছবি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। শুধু দেশপ্রেমের আবেগ নয়, এই ছবির শক্তিশালী গল্প থেকে টানটান চিত্রনাট্য, দুর্দান্ত অভিনয় এবং ধুরন্ধর অ্যাকশন বক্স অফিসে কার্যত ঝড় তুলেছিল। সেই সাফল্যের পর থেকে স্বাভাবিকভাবেই ছবির সিক্যুয়েল নিয়ে উত্তেজনা বাড়ছিল। অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর (Dhurandhar: The Revenge) ট্রেলার।

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে হামজা আলির চরিত্রে নজর কেড়েছিলেন রণবীর সিং (Ranveer Singh)। তবে হামজা আসলে কে সেই নিয়ে থেকে গিয়েছিল বিস্তর প্রশ্ন? কেন তিনি পাকিস্তানে গেলেন, আর কীভাবেই বা তিনি হয়ে উঠলেন এমন দূর্ধর্ষ এক ভারতীয় গুপ্তচর সেই প্রশ্নগুলো প্রশ্নই থেকে গিয়েছিল। এবার মিলবে তার উত্তর। ‘জ্যাসকৃত সিং রঙ্গী’র ইতিহাস উন্মোচন হবে এই অধ্যায়ে। আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’ তাঁর গুপ্তচর হয়ে ওঠার গল্প বলবে।

‘ধুরন্ধর’-এর আদ্যোপান্ত জুড়ে ছিল অক্ষয় খান্না এবং রণবীর সিং। আর মাধবন এবং অর্জুন রামপাল-কে সেখানে সেই অর্থে দেখাই যায়নি। তবে ট্রেলারে স্পষ্ট, এবার তাঁরা কোমর বেঁধেই মাঠে নামছেন। ১৯ মার্চ পর্দায় ত্রাস সৃষ্টি করবেন তাঁরা। ইঙ্গিত মিলেছে, প্রতিশোধের এই খেলায় শুরু থেকেই বাড়তে থাকবে উত্তেজনা। ট্রেলারে মেজর ইকবালকে ঠাণ্ডা মস্তিষ্কে ইতিমধ্যে বলতে শোনা গেছে আর এক জনের মুণ্ডুপাত করার কথা।

অন্যদিকে বোঝা গেছে, ‘ধুরন্ধর’-এর এই কিস্তিতে হামজা কার্যত লিয়ারির দখল নেবে। ‘রেহমান ডাকাইত’কে খতম করে কায়েম করবে তাঁর আধিপত্য। কিন্তু এবার কি তাঁর আসল পরিচয় ফাঁস হবে? ইয়ালিনা কি জেনে ফেলবে তার গোপন পরিচয়? ট্রেলারে সেই রহস্যের ঝলকও রাখা হয়েছে। চোখ ছলছলে বন্দুক হাতে ইয়ালিনাকে দেখে মনে হয়, ভালোবাসার মাঝে কাঁটা হয়ে দাঁড়াবে কঠিন এক সত্য। পাশাপাশি সঞ্জয় দত্তকে নৃশংস রূপে দেখা গেছে ট্রেলারে, যা ছবিতে রক্তারক্তির মাত্রাকে আরও তীব্র করে তুলবে বলে মনে করা হচ্ছে।

ট্রেলারের প্রতিটি ফ্রেমেই রয়েছে ধুন্ধুমার অ্যাকশন, তীব্র সংঘর্ষ এবং রুদ্ধশ্বাস নাটকীয়তা। প্রথম কিস্তির মতো এখানে অ্যাকশন ও আবেগের জোরালো উপস্থিতি রয়েছে। সব মিলিয়ে ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রত্যাশা যে কয়েকগুণ বেড়েছে, তা বলাই বাহুল্য। ট্রেলার শেয়ার করে সমাজমাধ্যমে রণবীর সিং লিখেছেন, “বলেছিলাম, ব্যাপারটা ব্যক্তিগত।”

আদিত্য ধর পরিচালিত ও প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ ২০২৬। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর সিং, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, রাকেশ বেদি, আর মাধবন সহ প্রত্যেকেই যাঁরা আগের কিস্তিতেও ছিলেন। অনেকেরই বিশ্বাস, ‘ধুরন্ধর ২’ প্রথম কিস্তির সাফল্যকেও ছাপিয়ে যাবে। এখন শুধু অপেক্ষা মুক্তির।

 

আরও পড়ুন – ‘টক্সিক’-এর ‘কাঁটা’ সরতেই ‘ধুরন্ধর ২’ নিয়ে বড়সড় ঘোষণা করলেন রণবীর সিং

আরও পড়ুন – শর্মিলাকে ইমপ্রেস করতে নাকি ৭টা ফ্রিজ পাঠিয়েছিলেন টাইগার পতৌদি

ফলো করুণ-