‘Dhurandhar 2’ Trailer Release
গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধরের ধুরন্ধর। তার পরে বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। গড়তে থাকে একের পর এক নজির। এই ছবির দ্বিতীয় কিস্তি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেক্ষাগৃহে মুক্তি পাবে এই মার্চেই। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। রণবীর সিংকে ফের একবার ‘হামজা’ চরিত্রে দেখার জন্য মুখিয়ে আছে তাঁর অনুরাগীরা। এর মধ্যে খবর এল ৭ মার্চ ২০২৬ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’ এর বহুল প্রতীক্ষিত ট্রেলার।
শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্টার শেয়ার করে ট্রেলার মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন রণবীর সিং। জানা গেছে, ৭ মার্চ সকালেই আসছে ধুরন্ধর ২’-এর ট্রেলার। পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন, “প্রস্তুত হন। ট্রেলারটি ৭ মার্চ সকাল ১১:০১ মিনিটে মুক্তি পাবে।” পাশাপাশি ওই পোস্টারের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে ছবির মুক্তির তারিখও। আদিত্য ধর পরিচালিত এই ছবি বিশ্বজুড়ে বড়পর্দায় মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। ওই সময় সারা দেশে চলবে ঈদ-এর উৎসব। ফলে উৎসবের মরসুমে এই ছবিকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
রণবীর সিংয়ের ওই পোস্ট থেকে জানা গেছে, শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম-সহ একাধিক আঞ্চলিক ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। ফলে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা একই সঙ্গে বড়পর্দায় দেখতে পাবেন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯ মার্চ ২০২৬ মুক্তি পাওয়ার কথা ছিল দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘টক্সিক’ ছবিটিরও। তবে সম্প্রতি সেই ছবির মুক্তি স্থগিত করা হয়েছে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বক্স অফিসে একই সময়ে দুটি বড় ছবির সংঘর্ষের সম্ভাবনা আপাতত নেই। বরং একক ভাবেই মুক্তি পাওয়ার সুযোগ পাচ্ছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। আর সেই কারণেই এই ছবি বক্স অফিসে বড়সড় সাফল্যের মুখ দেখবে বলে মনে করছেন দর্শকদের একটা বড় অংশ।
আরও পড়ুন – শ্রীদেবীর মৃত্যুরহস্য, যা জানা যায়
আরও পড়ুন – শর্মিলাকে ইমপ্রেস করতে নাকি ৭টা ফ্রিজ পাঠিয়েছিলেন টাইগার পতৌদি


