অক্ষয় খান্নার পরিবর্তে ‘দৃশ্যম ৩’-তে প্রকাশ রাজ?
অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’ ছবিতে এবার যোগ দিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ‘দৃশ্যম ৩’-তে যোগ দিয়েছিলেন জয়দীপ আহলাওয়াত। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে এই খবর তিনি ভাগ করে দেন অনুরাগীদের মধ্যে। এমনকি ছবির শুটিংও শুরু করে দিয়েছেন বলে তিনি জানান ওই পোস্টে।
প্রকাশ রাজ সোশ্যাল মিডিয়ায় সুখবরটি দিয়ে লিখেছেন, “জনপ্রিয় ও টানটান উত্তেজনায় ভরা হিন্দি ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’-এর শুটিং শুরু হয়ে গেছে। দুর্দান্ত একটি টিম এবং আকর্ষণীয় ভূমিকায় অভিনয় করতে চলেছি। আমি নিশ্চিত আপনাদের এই চরিত্রটি ভালো লাগবে।” তিনি বলেন, “..আর হ্যাঁ, কারোর বদলে আমি এই জায়গায় আসছি না।”
উল্লেখ্য, কয়েকদিন আগে ‘ধুরন্ধর’ খ্যাত অক্ষয় খান্না এই ছবি থেকে সরে দাঁড়ানোর পর তাঁর অভিনীত চরিত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল মূলত পারিশ্রমিক এবং পরচুলা পরা নিয়ে মতবিরোধরের জেরে ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়াচ্ছেন অক্ষয়। সেই পরিস্থিতিতে প্রকাশ রাজের এই স্বীকারোক্তি যথেষ্ট গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে। এর আগে সমাজমাধ্যমে গুঞ্জন উঠেছিল যে, ‘দৃশ্যম ৩’-তে প্রকাশ রাজ একজন জাঁদরেল পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। তবে, এখন শোনা যাচ্ছে সেই দাবি ঠিক নয়। তাঁর চরিত্রটি নাকি সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয়। উপরন্তু দর্শকরা যেমনটা ভাবছেন তার চেয়ে অনেকটাই আলাদা হবে এই চরিত্র যা কিনা কাহিনীতে গুরুত্বপুর্ণ মাত্রা যোগ করবে।
দৃশ্যম এর প্রথম দুই পর্বের ব্যাপক ব্যবসায়িক সাফল্যের পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। স্টার স্টুডিও এবং প্যানোরামা স্টুডিওর সহযোগিতায় নির্মিত ‘দৃশ্যম ৩’ চলতি বছরে অর্থাৎ ২০২৬ সালের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তথ্যসূত্র- সংবাদমাধ্যম
আরও পড়ুন – প্রকাশ্যে আমির খানের ‘লাহোর ১৯৪৭’-এর মুক্তির তারিখ
আরও পড়ুন – আমিরের ছবিতে কণ্ঠ দিচ্ছেন অরিজিৎ সিং?


