Monday, March 23

বিনোদন

রয়েছে রাহুল ভাট ও সানি লিওন, অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ নিয়ে চর্চা তুঙ্গে, দেখুন ট্রেলার

‘কেনেডি’ ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছিল অনেক আগেই, ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ‘মিডনাইট স্ক্রিনিংস’ বিভাগে। এরপর বিশ্বজুড়ে ঘুরে বেড়িয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে।
রয়েছে রাহুল ভাট ও সানি লিওন, অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ নিয়ে চর্চা তুঙ্গে, দেখুন ট্রেলার
অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’র একটি দৃশ্য।

কবে, কোথায় মুক্তি পাচ্ছে ডার্ক থ্রিলার ‘কেনেডি’?

প্রায় তিন বছর আগে কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। তারপর একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে সমালোচক এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অথচ এতদিন মুক্তি পায়নি ডার্ক থ্রিলার ঘরানার এই ছবি। অবশেষে দর্শকদের প্রত্যাশা পূরণ করে মুক্তি পাচ্ছে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’। তবে, বড়পর্দায় নয়। সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকলেও ভারতের কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না এই ছবি। সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটিতেই। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর ওটিটিতে মুক্তি পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দর্শকমহলে।

শনিবার ইনস্টাগ্রামে ‘কেনেডি’-র টিজার শেয়ার করে ওটিটি প্ল্যাটফর্মে ছবির মুক্তি ঘোষণা করেছেন পরিচালক। পোস্টটি শেয়ার করে অনুরাগ লিখেছেন, “অবশেষে আমাদের ভালোবাসা, উদ্বেগ এবং সবকিছু দিয়ে তৈরি ‘কেনেডি’ বিশ্বভ্রমণ শেষ করে জিফাইভে ফিরছে। এই ছবিটি বানাতে পেরে আমার টিম, প্রযোজক এবং স্টুডিওর জন্য আমি কৃতজ্ঞ। শুধু এটুকুই বলতে পারি দিনের শেষে যখন যা হওয়ার কথা, তখন তাই হয়।”

বলা বাহুল্য, অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছিল অনেক আগেই, ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ‘মিডনাইট স্ক্রিনিংস’ বিভাগে। এরপর বিশ্বজুড়ে ঘুরে বেড়িয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। সেই তালিকাও আকারে দীর্ঘ। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল, দক্ষিণ কোরিয়ার বুশিয়ন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, সুইৎজারল্যান্ডের নিউশাতেল ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। তবে এতদিন পর এই ছবি মুক্তি পাচ্ছে দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা।

আরও পড়ুন – ‘আগামীকাল (৩ ফেব্রুয়ারি), ১২:১২’- তবে কি ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির ইঙ্গিত দিলেন রণবীর সিং ও আদিত্য ধর?

ওটিটি-তে মুক্তির খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “ছবিটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না, অবশেষে।” অন্য একজন লিখেছেন, “কি অসাধারণ জার্নি, এখন সবাই ছবিটি দেখার সুযোগ পাবে।” আর একজন অনুশোচনা করে লেখেন, “থিয়েটারে দেখার ইচ্ছে ছিল, অনেকদিন ধরেই ছবিটার জন্য অপেক্ষায় ছিলাম।”

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’র কাহিনীতে রয়েছে নিদ্রাহীন রোগে আক্রান্ত একজন পুলিশ অফিসারের গল্প। তাঁকে সবাই মৃত বলে ধরে নিয়েছিল। ছবিটি একটি ডার্ক থ্রিলার ধাঁচের। জি স্টুডিওস দ্বারা পরিবেশিত এবং গুড ব্যাড ফিল্মস দ্বারা প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে রাহুল ভাট ও সানি লিওন । এছাড়াও রয়েছে মোহিত তাকলকর, অভিলাষ থাপলিয়ায় এবং মেঘা বর্মন। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছবিটি জি ফাইভে স্ট্রিমিং করার কথা এই ফেব্রুয়ারিতেই।

 

আরও পড়ুন – গ্র্যামি পেলেন দলাই লামা

আরও পড়ুন – সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আলিয়া ভাট?

ফলো করুণ-