Friday, February 27

বিনোদন

বলিউডে ‘এক নম্বর নায়িকা’ হওয়ার দৌড়ে তৃপ্তি ডিমরী?

বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ ছবিতে দীপিকাকে বাদ দিয়ে তৃপ্তিকে নেওয়া হয়। সন্দ্বীপ ভাঙ্গা রেড্ডির ‘স্পিরিট’ ছবির ক্ষেত্রেও তাই।
বলিউডে 'এক নম্বর নায়িকা' হওয়ার দৌড়ে তৃপ্তি ডিমরী?
তিনি তৃপ্তি ডিমরী।

‘O Romeo’ Tripti Dimri Look

তিনি তৃপ্তি ডিমরী। বলিউডে অন্যতম চর্চিত নাম। ২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ থেকেই তৃপ্তির অভিনয় জীবন শুরু। তবে শুরুটা সুখের হয়নি। একের পর এক ব্যর্থতা তাঁকে ঘিরে ধরেছিল। কিন্তু হাল ছাড়েননি কখনও। কেরিয়ারের প্রথম দিকে প্রত্যাখ্যাত হয়েছেন একাধিক অডিশনে। কোনো ছবিতেই তিনি নায়িকা হিসাবে নির্বাচিত হতে পারেননি। ‘লায়লা মজনু’, বুলবুল এর মত ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পেলেও খ্যাতি তেমনভাবে আসেনি। তবুও ধৈর্য না হারিয়ে চেষ্টা করে গেছেন। অবশেষে সাফল্য আসে সন্দ্বীপ ভাঙ্গা রেড্ডির ‘অ্যানিম্যাল’-এর সৌজন্যে। রাতারাতি বদলে যায় তাঁর জীবন। পরে তিনি স্বীকার করেছিলেন, “এ ছবি তাঁর কাছে আশীর্বাদের মতন।”

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করেই পরিচিতি পেয়ে যান তৃপ্তি। তবে সমালোচনা সহ্য করতে হয়েছিল তাঁকে। ছবিতে সর্বসাকুল্যে ২০ মিনিটের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। তাতেই বাজিমাত। ‘লায়লা মজনু’-তে মুখ্য চরিত্রে অভিনয় করে তিনি যা পাননি, অ্যানিম্যাল-এ তা পেয়েছিলেন। স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে হলেও হৈচৈ পড়ে যায় এই অভিনয়ে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ ছবিতে দীপিকাকে বাদ দিয়ে তৃপ্তিকে নেওয়া হয়। সন্দ্বীপ ভাঙ্গা রেড্ডির ‘স্পিরিট’ ছবির ক্ষেত্রেও তাই। দীপিকার আট ঘণ্টা কাজের দাবিতে যখন বিতর্ক দানা বাঁধে, তখন তৃপ্তি ডিমরীকেই বেছে নেওয়া হয় এই দুই ছবিতে। ইন্ডাস্ট্রির মধ্যেই গুঞ্জন, বলিউডে ‘এক নম্বর নায়িকা’ হওয়ার দৌড়ে একেবারে প্রথম সারিতে রয়েছেন তৃপ্তি।

‘ও রোমিও’ ছবিতে তৃপ্তি ডিমরীকে দেখা গেছে ‘আফশা খুরেশি’র চরিত্রে অভিনয় করতে। ‘সত্যি ঘটনা’র অবলম্বনে তৈরি এই চরিত্রে অভিনয় করে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। অনায়াসে ফুটিয়ে তুলেছেন ‘স্বপ্না দিদি’র চরিত্র। হুসেইন জাইদির বই ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত এই কাহিনীর কেন্দ্রে তৃপ্তি অভিনয় করেছেন শহীদ কাপুরের বিপরীতে।

ছবির শুরুতে তৃপ্তি চাকচিক্যহীন, সাধারণ। নেই বাড়তি সাজসজ্জার ছাপ। সংযত অভিব্যক্তি আর চোখে-মুখে নীরব ভাষা দিয়েই তিনি আফসার চরিত্রকে পর্দায় বাস্তব রূপ দিয়েছেন।

কিন্তু গল্প যত এগোয়, আফসার চরিত্রে আসে বড় পরিবর্তন। স্বামী মেহমুদের হত্যার পর প্রতিশোধস্পৃহা তাঁকে কঠোর, দৃঢ়চেতা নারীতে রূপান্তরিত করে। ‘হুসেন উস্তারা’র প্রশিক্ষণে আবেগময় বিধবা থেকে তিনি হয়ে ওঠেন কুখ্যাত ‘লেডি হিটম্যান’। অন্যায়ের জবাব দিতে তিনি পিছপা হন না। এই রূপান্তরই তৃপ্তির অভিনয়ের দক্ষতা প্রমাণ করে। বুঝিয়ে দেয় কত সাহসের সঙ্গে তিনি ধীরে ধীরে নিজের অভিনয়ের পরিধি বাড়িয়েছেন। বলিউডে ‘এক নম্বর নায়িকা’ হওয়ার দৌড়ে তিনি যে কোন অংশেই কম নন, তা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন তৃপ্তি।

 

সব ছবি– তৃপ্তি ডিমরীর ইনস্টাগ্রাম থেকে

আরও পড়ুন – শর্মিলাকে ইমপ্রেস করতে নাকি ৭টা ফ্রিজ পাঠিয়েছিলেন টাইগার পতৌদি

আরও পড়ুন – অক্ষয় কুমারের সঙ্গে নাম জড়ায় এই বলি নায়িকার, খবর জানা মাত্রই ‘হুমকি’ দিয়েছিলেন রবিনা

ফলো করুণ-