‘Toxic’ Teaser & Story
আগামী ১৯ মার্চ বড়পর্দায় আসছে কন্নড় সুপারস্টার যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিকে ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনা ইতিমধ্যে তুঙ্গে। একমাত্র টিজার বাদে এই ছবি নিয়ে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য সামনে আসেনি। ছবির গল্প কি হবে, সেই রহস্য জানার ইচ্ছে অনেকের থাকলেও, এখনো পর্যন্ত নির্দিষ্ট করে তা জানতে পারেননি কেউই। তবে, সম্প্রতি ‘টক্সিক’ ছবির গল্প নিয়ে নির্দিষ্ট কিছু তথ্য এবার সামনে এসেছে। মুক্তির আগে যা অনুরাগীদের নাড়ির স্পন্দন বাড়াতে যথেষ্ট।
‘টক্সিক’-এর সংযুক্ত আরব আমিরাতের পরিবেশক হল ফার্স ফিল্মস। সম্প্রতি এই ফার্স ফিল্মসই তাদের ওয়েবসাইটে ছবির কাহিনী নিয়ে নির্দিষ্ট কিছু তথ্য তুলে ধরেছেন। ওই ওয়েবসাইটে জানানো হয়েছে, ১৯৪০ এবং ১৯৭০-এর দশকের গোয়াকে পটভূমি করেই গড়ে উঠেছে ‘টক্সিক’-এর নির্মম অ্যাকশন থ্রিলার কাহিনী। শহরের গভীরে লুকিয়ে থাকা অপরাধ, চোরাচালান আর ক্ষমতার তীব্র লড়াইয়ের ছবিকে তুলে ধরবে এই ছবি।
ফার্স ফিল্মস-এর ওয়েবসাইটে লেখা হয়েছে, ক্রমবর্ধমান ব্যবসা আর মাথাচাড়া দিয়ে ওঠা অপরাধচক্রের ভিড়ে, এক ব্যক্তি রক্ত, ভয় আর বিশ্বাসঘাতকতাকে আশ্রয় করে গড়ে তোলে তাঁর সাম্রাজ্য। ‘টক্সিক’-এর কাহিনী প্রসঙ্গে আরও বলা হয়েছে, “এখানে ক্ষমতা কেউ কাউকে উপহার দেয় না, বরং তা ছিনিয়ে নিতে হয়। আর সেই ক্ষমতা প্রতিবারই অর্জন করতে হয় কঠিন মূল্যের বিনিময়ে। চোরাচালানের পথ নিয়ে শুরু হয় সংঘর্ষ। এমন এক সময় আসে যখন নিজের কাছের মানুষও সন্দেহের চোখে দেখতে শুরু করে। চারদিকে বাড়তে থাকে অবিশ্বাস। টিকে থাকার জন্য সবাই সতর্ক ও সন্দেহপ্রবণ হয়ে ওঠে।”
গল্পের ট্যুইস্ট এখানেই। গীতু মোহনদাস ছবিতে কেবলমাত্র অপরাধ আর ক্ষমতার লড়াইকে তুলে ধরেননি। তিনি দেখিয়েছেন কিভাবে মানুষ ধীরে ধীরে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। নিজের মধ্যে ঘনিয়ে আসা অন্ধকারের সঙ্গে একসময় মানুষকে লড়াই করতেই হয়। চোরাচালানের পথগুলো যখন রণক্ষেত্রে পরিণত হয়, তখন পরস্পরের মধ্যে আনুগত্য ভেঙে পড়ে। তখন টিকে থাকার একমাত্র অস্ত্র হয়ে ওঠে প্যারানইয়া। সিদ্ধান্তের পরিণতি যতই ভয়াবহ হোক না কেন, শেষ পর্যন্ত তার চেয়েও ভয়াবহ হয়ে ওঠে মানুষের অন্তর্দ্বন্দ্ব। নিজেরই জন্ম দেওয়া অন্ধকার তখন তাঁকে গ্রাস করতে আসে।
গীতু মোহনদাসের ‘টক্সিক’-এ যশকে তাই কেবল দুর্দান্ত অ্যাকশন অবতারে দেখা যাবে এমনটা নয়। একজন গ্যাংস্টারের মনস্তাত্বিক দিকটাও তুলে ধরা হবে এখানে। ছবিতে রয়েছে একাধিক নারী চরিত্র- কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া। গল্পের বিভিন্ন স্তরে তাঁরা গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে বলে মনে করা হচ্ছে। জানা গেছে ছবির একটি টিজার মুক্তি পাবে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টা ৩৫ মিনিটে।
আরও পড়ুন – মুক্তির আগেই চরম বিপাকে ‘ধুরন্ধর ২’, বন্ধ হয়ে যাচ্ছে আদিত্য ধরের প্রযোজনা সংস্থা? অভিযোগ কি?
আরও পড়ুন – খাচ্ছেন পিজ্জা-পরোটা, বাদ যাচ্ছে না বিরিয়ানি-মিষ্টিও, রাজকুমার রাওয়ের হঠাৎ হলটা কি?


