Shreya Ghoshal Live Show Charges
বর্তমান প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের কাছে শ্রেয়া ঘোষাল অত্যন্ত জনপ্রিয়। হিন্দি সিনেমা জগতে তিনি এখন ‘এক নম্বর’ গায়িকা। হিন্দি ছাড়াও বাংলা সহ একাধিক দক্ষিণ ভারতীয় ভাষায় তিনি গান গেয়েছেন। তাঁর কণ্ঠ, গানের বৈচিত্র্য এবং সুরের নিখুঁত ব্যঞ্জন তাঁকে সমসাময়িক শিল্পীদের মধ্যে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেমায় প্লেব্যাক করা ছাড়া তিনি বিভিন্ন সময় লাইভ অনুষ্ঠানও করেন। নেন ‘মোটা’ অঙ্কের পারিশ্রমিক। সম্প্রতি সেরকমই একটি অনুষ্ঠানের বিলের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। আর তাই দেখে চোখ ছানাবড়া অনুরাগীদের। অনুরাগীরা শ্রেয়ার পারিশ্রমিক দেখে যেমন অবাক হয়েছেন, তেমনি একইসঙ্গে ক্ষোভ প্রকাশও করেছেন। আসল ঘটনাটা কি আসুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি ‘তেলেঙ্গানা গদ্দর ফিল্ম আওয়ার্ডস’-এর একটি অনুষ্ঠানে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এরপর সেই অনুষ্ঠানের একটি কথিত ‘আর্টিস্ট এক্সপেন্স শিট’ বা খরচের বিলের স্ক্রিনশট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গেছে, ওই অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্স করার জন্য তিনি ১.৬৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় বইতে শুরু করে অনুরাগীদের মধ্যে। নেটিজেনদের একাংশের মতে, শ্রেয়া ঘোষালের মত একজন শিল্পীর পারিশ্রমিক হিসেবে এই অঙ্কটি মোটেই বেশি নয়। বরং তাঁর প্রতিভা ও জনপ্রিয়তার তুলনায় তা কমই। রেডিট-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা দাবি করেছেন, ভারতীয় চলচ্চিত্র শিল্পে প্লেব্যাক সিঙ্গারদের পারিশ্রমিক তুলনামূলকভাবে অনেক কম। বিশেষত, একটি গানের জন্য অনেক সময়ই নামী শিল্পীদেরও সীমিত অর্থ দেওয়া হয়। ফলে লাইভ শো এবং কনসার্টই হয়ে ওঠে তাঁদের প্রধান উপার্জনের মাধ্যম। এক ব্যবহারকারীর কথায়, “প্রযোজকরা প্লেব্যাক সিঙ্গারদের যথাযথ সম্মান দেন না। তাই এই ধরনের পারিশ্রমিককে ‘ওভারচার্জিং’ বলা ঠিক নয়।”
যাঁরা ওই অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন, তাঁদের দাবি- মঞ্চে একের পর এক তেলুগু হিট গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন শ্রেয়া। তাঁর নিখুঁত উপস্থাপনের তুলনায় এই পারিশ্রমিক যথেষ্ট যুক্তিযুক্ত বলেই মনে করছেন অনেকেই। এমনকি কেউ কেউ তুলনা টেনে বলেছেন, যেখানে মাঝারি মানের শিল্পীরাও একটি অনুষ্ঠানের জন্য ৩০-৪০ লক্ষ টাকা নেন, সেখানে শ্রেয়া ঘোষালের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকার জন্য ১.৬৫ কোটি টাকা অস্বাভাবিক কিছু নয়।
আরও পড়ুন – ২০০০ কোটির গণ্ডি পেরোল আদিত্য ধরের ‘ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি’
আরও পড়ুন – Avatar: Fire and Ash OTT Release: ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ওটিটি মুক্তি ঘিরে উত্তেজনা তুঙ্গে


