Tuesday, March 10

বিনোদন

ভারত সফরে শাকিরার কনসার্টের সংখ্যা বেড়ে তিন

আগামী ১০ এপ্রিল মুম্বইয়ে এবং ১৫ এপ্রিল দিল্লিতে অনুষ্ঠান করার কথা ছিল শাকিরার। কিন্তু অনুরাগীদের বিপুল আগ্রহের কথা মাথায় রেখে তাঁর ‘ইন্ডিয়া ট্যুর’-এ আরও একটি শো যোগ করা হয়েছে।
ভারত সফরে শাকিরার কনসার্টের সংখ্যা বেড়ে তিন
শাকিরার ইন্ডিয়া ট্যুরের আগে বড় ঘোষণা। ছবি- ইনস্টাগ্রাম।

Shakira India Tour 2026

লাতিন পপ সঙ্গীত জগতে তিনি নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। গান, নাচ এবং মঞ্চ উপস্থিতি সব মিলিয়ে বিশ্বজুড়ে তাঁর সমান জনপ্রিয়তা। খ্যাতি পেয়েছেন ‘কুইন অফ লাতিন মিউজ়িক’ হিসাবে। তিনি আর কেউ নন, শাকিরা (Shakira)। দীর্ঘ বিরতির পর আবার ভারত সফরে আসছেন তিনি। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে শাকিরার কনসার্টের দুটি তারিখ। তবে ভারতীয় অনুরাগীদের উৎসাহ-আবেগ দেখে এবার নতুন চমক দিলেন তিনি। ভারত সফরে শাকিরার কনসার্টের সংখ্যা বেড়ে হল তিন।

আগামী ১০ এপ্রিল মুম্বইয়ে এবং ১৫ এপ্রিল দিল্লিতে অনুষ্ঠান করার কথা ছিল শাকিরার। কিন্তু অনুরাগীদের বিপুল আগ্রহের কথা মাথায় রেখে তাঁর ‘ইন্ডিয়া ট্যুর’-এ আরও একটি দিন যোগ করা হয়েছে। নতুন ঘোষণায় জানা গেছে, ১১ এপ্রিলও মুম্বইয়ে পারফর্ম করবেন শাকিরা। অর্থাৎ, পরপর দু’দিন একই মঞ্চে গান ও নাচে মাতাবেন শাকিরা।

মুম্বইয়ের ঐতিহ্যবাহী মহালক্ষ্মী রেসকোর্স (Mahalaxmi Racecourse)-এর বিশাল মাঠেই হবে ১০ এবং ১১ এপ্রিলের অনুষ্ঠান। অন্যদিকে দিল্লির দর্শকদের জন্য ১৫ এপ্রিল কনসার্ট হবে রাজধানীর বিখ্যাত জহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium)-এ। ফলে এই সফরে মুম্বইয়ে দু’দিন এবং দিল্লিতে এক দিন থাকবেন ‘কুইন অফ লাতিন মিউজ়িক’ শাকিরা।

দীর্ঘ বিরতির পর শাকিরার এই ভারত সফর। এর আগে ২০০৭ সালে একবার ভারত সফরে এসেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তাঁর গান ও নাচে মুগ্ধ হয়েছিল ভারতীয় দর্শক। কিন্তু তার পরে দীর্ঘ সময় ধরে আর ভারতে আসা হয়নি তাঁর। যদিও সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে তাঁর সংযোগ একেবারেই বিচ্ছিন্ন ছিল না। কয়েকমাস আগে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন শাকিরা। তবে সেই অনুষ্ঠানটি ভারতের মাটিতে হয়নি। ফলে ভারতীয় দর্শকের সামনে এবার পূর্ণাঙ্গ কনসার্ট করবেন তিনি।

শাকিরার আসন্ন ভারত সফর ঘিরে সঙ্গীতপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে মুম্বই ও দিল্লির দর্শকদের মধ্যে টিকিটের চাহিদা ইতিমধ্যেই আকাশছোঁয়া। অনুষ্ঠান ঘোষণার পর থেকেই টিকিটের মূল্য নিয়ে মনোমালিন্য দেখা দিয়েছে উদ্যোক্তা এবং অনুরাগীদের মধ্যে। ভক্তদের একাংশ মনে করছেন, টিকিটের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। এর মাঝেই শাকিরার নতুন ঘোষণা।

আন্তর্জাতিক তারকাদের ক্ষেত্রে যদিও এমন ঘটনা নতুন নয়। অতীত বলছে, বিশ্বখ্যাত শিল্পীরা যখনই ভারতে অনুষ্ঠান করতে এসেছেন, তখনই টিকিটের দাম সাধারণের নাগালের বাইরে চলে গেছে। কিছুদিন আগে এনরিকের কনসার্ট ঘিরে টিকিট মূল্য মহার্ঘ্য হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে শাকিরার নতুন ঘোষণা অনুরাগীদের কাছে স্বস্তির খবর হয়ে এসেছে। ১১ এপ্রিলের নতুন কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৬,০০০ টাকা।

তবে শাকিরার এবারের ইন্ডিয়া ট্যুর শুধুমাত্র বিনোদনের জন্য নয়। এর পিছনে রয়েছে এক মানবিক উদ্দেশ্য। শাকিরা জানিয়েছেন, তাঁর এই ভারত সফরের কনসার্ট থেকে যে অর্থ সংগ্রহ হবে, তার একটি বড় অংশ যাবে শিশুদের পুষ্টি ও খাদ্যের খাতে। তাঁর মতে সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর পাশাপাশি সমাজের জন্যও কিছু করা সম্ভব।

ভারতে শাকিরার জনপ্রিয়তা বরাবরই ব্যাপক। তাঁর ‘হিপস্ ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনেভের হোয়েনেভের’-এর মতো গান বছরের পর বছর ধরে ভারতীয় শ্রোতাদের মধ্যেও সমান জনপ্রিয়। ফলে দীর্ঘ বিরতির পর লাইভ কনসার্টে তাঁর গান শোনার আশায় বুক বেঁধে আছেন ভারতীয় অনুরাগীরা।

 

আরও পড়ুন – মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী

আরও পড়ুন – আরও ভয়ঙ্কর রণবীরের হামজা, ‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে শুধুই প্রতিশোধের আগুন

ফলো করুণ-