‘ধুরন্ধর ২’-এর ঝলক দেখে কি বললেন রুপালি গাঙ্গুলি?
বক্স অফিসে একের পর এক নজির গড়েছে আদিত্য ধরের ধুরন্ধর। এবার ধুরন্ধর ২ নিয়েও দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাচ্ছে আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’। সামনে এখন ট্রেলার মুক্তির অপেক্ষা। শোনা যাচ্ছে খুব শিগগিরই মুক্তি পাবে দ্বিতীয় ভাগের ট্রেলার। তবে এই আবহে আচমকা সামনে এসেছে চাঞ্চল্যকর একটি দাবি। মুম্বাইয়ের টেলিভিশন জগতের খ্যাতনামা অভিনেত্রী রুপালি গাঙ্গুলি সম্প্রতি দাবি করেছেন যে, তিনি নাকি ‘ধুরন্ধর ২’-এর কয়েক ঝলক ইতিমধ্যে দেখে ফেলেছেন। কি দেখেছেন তিনি? দেখে তাঁর প্রতিক্রিয়া কেমন? জানালেন বিস্তারিত।
রুপালি গাঙ্গুলি ওরফে ছোটপর্দার ‘অনুপমার’র ভাই হলেন কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি। এই বিজয় গাঙ্গুলি ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন। ভাইরাল হওয়া ‘ফ্যাসলা ট্র্যাক’ এবং ‘শরারত’ গানগুলি তাঁরই পরিচালনায় সম্পাদিত হয়েছে। সম্প্রতি এনডিটিভি কে দেওয়া একটি সাক্ষাৎকারে রুপালি গাঙ্গুলি বলেছেন, তাঁর ভাই বিজয় যখন ছবির সম্পাদনার কাজ করছিলেন তখন তিনি সৌভাগ্যক্রমে ‘ধুরন্ধর ২’ এর কয়েক ঝলক দেখে নিয়েছেন। রুপালি বিজয়ের সঙ্গে সেই সময় ভিডিও কলে কথা বলছিলেন এবং ঘটনাচক্রে ‘ধুরন্ধর ২’-এর কয়েকটি মুহূর্ত দেখার সুযোগ পান।
সাক্ষাৎকারে রুপালি ‘ধুরন্ধর’-এর প্রশংসা করে বলেন, “পেক্ষাগৃহে আমি দু-দুবার ধুরন্ধর দেখেছি। কী অসাধারণ একটা ছবি! এখন অধীর আগ্রহে ছবির দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছি। কিছুতেই আর তর সইছে না। ইতিমধ্যে আমি ‘ধুরন্ধর ২’-এর বিক্ষিপ্ত কিছু দৃশ্য দেখে ফেলেছি। বিজয় যখন ছবির একটা অংশ এডিট করছিল, আমরা তখন ভিডিও কলে কথা বলছিলাম। বিজয় বলল, ‘এই শটটা দেখো, এই শটটা দেখো।’ ওহ, কী অসাধারণ শট! আমি ভিডিওটা পিছিয়ে ওকে ফের দেখাতে বললাম। কি বলব, প্রতিটি ফ্রেমই অসাধারণ!”
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৯ মার্চ ২০২৬ পেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। শোনা যাচ্ছে আসন্ন এই ছবিতে ইয়ামি গৌতমকে একটি বিশেষ ‘ক্যামিও’ চরিত্রে দেখতে পাবে দর্শক। অন্যদিকে, বলিউড হাঙ্গামাতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, এই ফেব্রুয়ারিতেই ‘ধুরন্ধর ২’ এর একটি গান প্রকাশ পেতে পারে বলে জানা গেছে। মার্চের শুরুতেই হোলি। জানা যাচ্ছে তার ঠিক পরেই আসতে পারে ‘ধুরন্ধর ২’-এর প্রতীক্ষিত ট্রেলার। বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর ব্যাপক সাফল্যের পর ছবির দ্বিতীয় কিস্তি নিয়েও যথেষ্ট আশাবাদী ছবির অনুরাগী থেকে নির্মাতারা।
তথ্যসূত্র– এনডিটিভি
আরও পড়ুন – ৯ কোটির ঋণ মামলায় কিভাবে জড়িয়ে পড়লেন রাজপাল যাদব?
আরও পড়ুন – প্রকাশ্যে আমির খানের ‘লাহোর ১৯৪৭’-এর মুক্তির তারিখ


