Akshay Rekha Rabina
সময়টা নয়ের দশক। বলিউডে তখন সদ্য আত্মপ্রকাশ করেছেন অক্ষয় কুমার। কেরিয়ারের প্রথম পর্যায়ে দাঁড়িয়ে তিনি ‘আজ’, ‘সুগন্ধ’ ও ‘ড্যান্সার’-এর মতো ছবিতে কাজ করে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলার চেষ্টা করছেন। অন্যদিকে রেখা তখন ইতিমধ্যেই বিটাউনে একজন প্রতিষ্ঠিত ও প্রভাবশালী নাম। ‘দো আনজানে’, ‘খুন পাসিনা’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘সিলসিলা’, ‘উমরাও জান’-সহ একাধিক ছবির মাধ্যমে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। ঠিক এই সময়, অক্ষয় কুমার তাঁর তৎকালীন ‘বাগদত্তা’ রবিনা ট্যান্ডন এবং প্রবীণ অভিনেত্রী রেখাকে কেন্দ্র করে এক অদ্ভুত জল্পনা-কল্পনার জালে জড়িয়ে পড়লেন। কথা উঠল, নবাগত অক্ষয় কুমারের সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে পড়েছেন রেখা। রেখার সঙ্গে অক্ষয়ের তথাকথিত ‘প্রেমচর্চা’ সেসময় কেবল ইন্ডাস্ট্রির অন্দরে আটকে থাকল না। বলিউডের গন্ডি পেরিয়ে তা একেবারে চলে এল প্রকাশ্যে, আলোচনার কেন্দ্রে।
ঘটনার সূত্রপাত হয় ১৯৯৬ সালের ব্লকবাস্টার ছবি ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ ছবির সেট থেকেই। অক্ষয় কুমার ও রেখা সেই ছবিতে একসঙ্গে কাজ করছিলেন। শুটিং চলাকালীন কানাঘুষো ওঠে, বয়সে ছোট অক্ষয়ের সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে পড়েছেন রেখা। সেটেও নাকি তাঁদের কেমিস্ট্রি ধরা পড়ে যায় সবার চোখে। যদিও দুজনের মধ্যে কেউই এবিষয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে অক্ষয়ের দিকে রেখার ‘নজর’ চারিদিকে চাউর হয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনেও ছড়িয়ে পড়ে তাঁদের কাহিনী।
অক্ষয়ের ব্যক্তিগত জীবনও তখন আলোচনার কেন্দ্রে। কারণ সেসময় তিনি অভিনেত্রী রবিনা ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনকি গোপনে বাগদানও সেরে ফেলেছিলেন তাঁরা। নব্বুই এর দশকে অক্ষয় রবিনার প্রেমকাহিনী বলিউডে সুপারহিট ছিল। মোহরা ছবিতে অক্ষয় রবিনা-জুটির বৃষ্টিভেজা প্রেমের গান ‘টিপ টিপ বরষা পানি’ সেই সম্পর্কেরই বাহক হয়ে উঠেছিল। শুধু মোহরা নয়, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, এবং ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’-সহ একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে তাঁরা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন।
এদিকে শ্যুটিং সেট থেকে অক্ষয়-রেখার প্রেমের গুঞ্জন ধীরে ধীরে ছড়াতে শুরু করে। ব্যাপারটা শেষে কানে এসে পৌঁছায় রবিনা ট্যাণ্ডনের। সম্পর্কের গুজব বাড়তে দেখে তিনিই এবার স্বয়ং মাঠে নামলেন। সোজাসুজি রেখাকে ‘বললেন’ অক্ষয়ের থেকে দূরে থাকার জন্য। দায়িত্ব নিয়ে একা হাতেই বন্ধ করে দিলেন শুটিং সেটে গজিয়ে ওঠা প্রেমের গল্প।
এই জল্পনা নিয়ে বহু বছর পর খোলাখুলি মুখ খোলেন রবিনা ট্যান্ডন। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, রেখার সঙ্গে অক্ষয়ের সম্পর্কের কোনো সত্যতা ছিলনা। তাঁর কাছে এই গুজবের কোনও বাস্তব ভিত্তি নেই। রবিনা বলেন, “আমার মনে হয় না অক্ষয়ের সঙ্গে রেখার কোনও সম্পর্ক ছিল। আসলে, সে তার কাছ থেকে পালাতে গিয়ে এসব করত।” তাঁর কথায় উঠে আসে, অক্ষয় ও রেখার মধ্যে কোনও ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং পেশাদার বাধ্যবাধকতাই ছিল। ট্যান্ডন আরও জানান, ছবির শ্যুটিং চলাকালীন পেশাদারি প্রতিশ্রুতির কারণেই অক্ষয় রেখার সঙ্গে সময় কাটাতে ‘বাধ্য’ ছিলেন। এমনকি, একবার রেখা নাকি অক্ষয়ের জন্য বাড়ি থেকে দুপুরের খাবার এনে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু রবিনা তাতে স্পষ্ট আপত্তি জানান।
বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, রেখার সঙ্গে সম্পর্কের গুজব তৎকালীন সময়ে অক্ষয়-রবিনার সম্পর্কের উপর চাপ তৈরি করেছিল। তবে রবিনার বক্তব্য অনুযায়ী, তা কোনওদিন বাস্তব সম্পর্কের প্রতিফলন ছিল না। তবুও সময়ের সঙ্গে সম্পর্ক বদলায়। বলিউড তো বটেই। ১৯৯৮ সালে রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের পথ হঠাৎই আলাদা হয়ে যায়। এরপর অক্ষয়ের জীবনে প্রবেশ করেন ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’র সহ-অভিনেত্রী টুইঙ্কল খান্না। সেই সম্পর্ক শেষপর্যন্ত বিয়ের পিঁড়িতে গিয়ে পৌঁছায়, যা আজও বলিউডের স্থিতিশীল দাম্পত্যজীবনের অন্যতম একটি উদাহরণ বলে মনে করা হয়।
তথ্যসূত্র- সংবাদমাধ্যম
আরও পড়ুন – নেটভুবনময় ‘টক্সিক’ গাথা, নতুন অবতারে ‘রায়া’, প্রকাশ্যে যশের অ্যাকশন প্যাকড ‘টক্সিক’ টিজার
আরও পড়ুন – ভারতে ফিরছেন লাতিন পপ তারকা শাকিরা, শাকিরা ইন্ডিয়া ট্যুর নিয়ে বিস্তারিত



