বিজয়-রশ্মিকার বিয়ের ছবি
বিনোদন জগতে খুশির খবর। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে সাত পাকে বাঁধা পড়লেন বিরোশ। বিয়ে কাটতে না কাটতেই সমাজমাধ্যমে তাঁরা পোস্ট করলেন বিয়ের ছবি।
লাল রঙেই সেজেছেন দুজন। বিজয়ের পরনে দুধ সাদা ধুতি এবং লাল উত্তরীয়। আর রশ্মিকা পুরোপুরি লাল রঙে মোড়া। লাল শাড়ি, লাল ব্লাউজ। দুজনের সাজে শোভা পাচ্ছে ভারী গয়না। রশ্মিকার মাথায় দেখা গেছে সোনার টায়রা।
বিজয়-রশ্মিকার বিয়ে সম্পন্ন হয়েছে দুই রীতিতে। দক্ষিণ ভারতের দুই রাজ্যের বাসিন্দা হওয়ার কারণে দুই সংস্কৃতিকে আগলে বিয়ে করেছেন তাঁরা।
প্রথমে বিজয়ের পরিবারের তেলুগু নিয়মে হয়েছে বিয়ের অনুষ্ঠান। এরপর রশ্মিকার পরিবারের অনুযায়ী কোডাভা অর্থাৎ কর্ণাটকের বিয়ের রীতি মেনে আরও একবার বিয়ের কর্মকাণ্ড সেরেছেন তাঁরা।
বিজয়-রশ্মিকার বিয়ের ছবিগুলোতে ধরা পড়েছে তাঁদের গভীর সম্পর্ক। যে সম্পর্ক এতদিন তাঁরা লুকিয়ে রেখেছিলেন আজ তা উজাড় করে দিয়েছেন।
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে বিজয় লিখেছেন, “একদিন ওকে খুব মনে পড়ছিল। এতটাই মনে পড়ছিল যে, অনুভব করতে পারছিলাম, ও পাশে থাকলে দিনটা খুব ভালো যেত। ও আমার পাশে বসে থাকলে আমার খাওয়াদাওয়ার পর্ব যেন আরও পরিপূর্ণ হয়ে ওঠে। আমার সঙ্গে ও জিমে থাকলে আনন্দ হয় এবং পরিশ্রমকে কষ্ট বলে মনে হয় না। যেন আমার ওকে দরকার। আমি যেখানেই থাকি না কেন, ও পাশে থাকলে সেটাই আমার ঘর বলে মনে হয়। আমি আমার প্রিয় বন্ধুকেই জীবনে স্ত্রী হিসাবে পেয়েছি।”
বিজয়-রশ্মিকার প্রেম অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। থামা অভিনেত্রীর অনামিকায় ঝলমলে আংটি দেখে আগেই আঁচ করা গিয়েছিল যে এবার তাঁরা নতুন সংসার পাততে চলেছেন। বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দ্রাবাদে আয়োজন করা হবে রিসেপশন পার্টি। সেখানেই দেখা যাবে বিনোদন জগতে এই জুটির বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের।
সব ছবি– বিজয় দেবেরকোন্ডার ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন – শর্মিলাকে ইমপ্রেস করতে নাকি ৭টা ফ্রিজ পাঠিয়েছিলেন টাইগার পতৌদি
আরও পড়ুন – বলিউডে ‘এক নম্বর নায়িকা’ হওয়ার দৌড়ে তৃপ্তি ডিমরী?












