Ramayana Teaser
কথা ছিল হনুমান জয়ন্তীর দিন প্রকাশ্যে আনা হবে নীতেশ তিওয়ারির মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। ফলে দর্শকদের মধ্যে প্রতীক্ষার বাঁধ ভাঙছিল। অবশেষে প্রত্যাশা পূরণ করে ওই দিনই মুক্তি পেল ‘রামায়ণ’-এর দীর্ঘ প্রতীক্ষিত টিজার। সঙ্গে সামনে এসেছে রাম রূপে রণবীর কাপুরের ফার্স্ট লুক।
সব মিলিয়ে ২ মিনিট ৩৮ সেকেন্ডের টিজার জুড়ে দেখা গেছে চোখ ধাঁধানো ভিএফএক্স এর কারসাজি। হবে নাই বা কেন। কারণ, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ভিএফএক্স এর নেপথ্যে রয়েছেন অস্কারজয়ী শিল্পীরা। ছবির আবহ সংগীতও দর্শকদের মন জয় করেছে। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান এবং হ্যান্স জিমার। ফলে এই ছবির সংগীত নিয়ে দর্শকের উচ্চাকাঙ্ক্ষা তো থাকবেই।
প্রথম ঝলকে লক্ষণ ও সীতার চরিত্র দেখানো হলেও তা অনেকটাই ঝাপসা। বোঝা যায়, রামের চরিত্রই এই ছবির প্রধান আকর্ষণ। টিজারের শেষে এক ঝলক রাবণকে দেখানো হয়েছে। তবে প্রকাশ্যে আনা হয়নি তাঁর মুখ। পুরো টিজার জুড়ে শুধুই ‘রাম রূপে’ রণবীর। বলা বাহুল্য, রণবীর কাপুরের কেরিয়ারে সবচেয়ে প্রতীক্ষিত বিগ বাজেটের ছবি এটি। ‘অ্যানিম্যাল’-এর মত রক্তপিপাসু চরিত্রে অভিনয়ের পর রঘুনন্দন রামের ভূমিকায় নিজেকে উপস্থাপন করা মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু তিন বছর ধরে রণবীর নিজেকে প্রস্তুত করেছেন। মদ্যপান থেকে মাংস ভক্ষণও নাকি তিনি ‘ত্যাগ’ করেছেন ছবির জন্য। টিজারে রণবীরের লুক তাঁর সেই ‘কৃচ্ছসাধন’-এরই ফল বলে মনে করছেন অনুরাগীরা। রণবীরের ‘রাম’ অবতারকে দেখার জন্যই তাই হয়তো মুখিয়ে ছিলেন তাঁর ভক্তরা।
উল্লেখ্য, ‘রামায়ণ’ ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাই পল্লবীকে। আর রাবণের ভূমিকায় যশকে। ছবিতে অন্যান্য গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে সানি দেওল ও রবি দুবের মত তারকাদের। ৪ হাজার কোটি বাজেটের এই ছবি এখন বক্স অফিসে কেমন ফল করে সেটাই দেখার।
আরও পড়ুন – স্বর্ণমন্দিরে প্রিয়াঙ্কা চোপড়া, ধুলেন বাসন, ভাইরাল ভিডিও
আরও পড়ুন – ২১ কোটির ঘড়ি হাতে আইপিএল ম্যাচ দেখতে রাধিকা মার্চেন্ট, কি আছে মুকেশ আম্বানীর পুত্রবধূর এই ঘড়িতে?


