Ranbir Kapoor Double Role in Ramayana
চমকের পর চমক। বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। প্রকাশ্যে এসেছে ভগবান রাম রূপে রণবীরের ফার্স্ট লুক। তারপর থেকেই নেটদুনিয়ায় রীতিমত চর্চার শিরোনামে এই ছবি। কেউ রণবীরের রাম অবতারে মুগ্ধ তো কেউ আবার ছবির ভিএফএক্স নিয়ে সমালোচনা করছেন। এমনকি ‘রাবণরূপী’ যশকে না দেখতে পেয়ে প্রশ্ন তুলছেন ভক্তদের কেউ কেউ। এরই মধ্যে রণবীর কাপুর ঘোষনা করলেন, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ নাকি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি। সত্যিই কি তাই?
টিজার মুক্তির পর একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর নিজেই জানিয়েছেন যে, আসন্ন এই ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। রঘুবীর রামচন্দ্রের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি পরশুরাম চরিত্রেও দেখা যাবে তাঁকে। পরশুরাম হলো বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং রামচন্দ্র হলেন বিষ্ণুর সপ্তম অবতার। ত্রেতা যুগে বামন অবতারের পর বিষ্ণু পরশুরাম অবতারে আবির্ভূত হয়েছিলেন। কবি তুলসীদাসের লেখা ‘রামচরিতমানস’ থেকে জানা যায়, সীতার স্বয়ংবর সভায় ভগবান রামচন্দ্র হরধনু ভাঙলে সেই শব্দে রেগে যান পরশুরাম। তিনি তখন রামকে যুদ্ধে আহ্বান করেন। কিন্তু এই যুদ্ধে রাম পরশুরামকে পরাজিত করেন। তখন রামের দেবত্ব ও বিনয় বুঝতে পারেন পরশুরাম।
টিজার প্রকাশ্যে আসার পর রণবীর এই দুই চরিত্রে অভিনয় করার কথা ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, রঘুবীর রামচন্দ্র এবং পরশুরামের চরিত্রের প্রকৃতি তিনি তাঁর অভিনয়ের মাধ্যমে পৃথকভাবে ফুটিয়ে তুলবেন। একইসঙ্গে দুই ভূমিকায় অভিনয় করার অভিজ্ঞতাও নাকি অনবদ্য, বলেছেন তিনি।
নীতেশ তিওয়ারির এই ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি একঝাঁক তারকা অভিনয় করেছেন। সীতার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের অভিনেত্রী সাই পল্লব। লঙ্কাপতি রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ খ্যাত যশকে। ছবিতে সানি দেওল অভিনয় করবেন হনুমানের চরিত্রে এবং রবি দুবে রামের ভাই লক্ষণের চরিত্রে। এছাড়া রাকুল প্রীত সিংকে দেখা যাবে রাবণের বোন শুর্পনখার চরিত্রে এবং কাজল আগরওয়ালকে রাবণের অর্ধাঙ্গিনী মন্দোদরীর চরিত্রে। খবর অনুযায়ী, ‘রামায়ণ’-এর প্রথম কিস্তি মুক্তি পাওয়ার কথা ২০২৬-এর দীপাবলিতে এবং দ্বিতীয় কিস্তিটি ২০২৭ সালের দীপাবলিতে বড়পর্দায় আসতে পারে।
আরও পড়ুন – মহার্ঘতম ছবি ‘রামায়ণ’! ছবির প্রথম ঝলকে কিসের প্রমাণ দিলেন নীতেশ তিওয়ারি?
আরও পড়ুন – ২১ কোটির ঘড়ি হাতে আইপিএল ম্যাচ দেখতে রাধিকা মার্চেন্ট, কি আছে মুকেশ আম্বানীর পুত্রবধূর এই ঘড়িতে?


