Tuesday, February 24

বিনোদন

ফারহান আখতার প্রযোজিত মণিপুরের ছবি ‘বুং’-এর বাফটা জয়

মণিপুরি ভাষায় ‘বুং’ শব্দটির অর্থ হল ‘ছোট ছেলে’। সরল সাদাসিধে একটি শিশুমনের ইচ্ছাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির মূল কাহিনী।
ফারহান আখতার প্রযোজিত মণিপুরের ছবি 'বুং'-এর বাফটা জয়
'বুং' ছবিতে গুগুন কিপজেন। ছবি- ইনস্টাগ্রাম।

বাফটায় জয়জয়কার মণিপুরের ছবি ‘বুং’-এর

তিহাসিক স্বীকৃতি! আন্তর্জাতিক মঞ্চে হলিউডকে পেছনে ফেলে জয়জয়কার ভারতীয় ছবির। ৭৯তম বাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘বেস্ট চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার মুকুট উঠল মণিপুরের ছবি ‘বুং'(Boong)-এর মাথায়। ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি প্রযোজিত ‘বুং’ প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসাবে এই পুরস্কার লাভ করেছে।

বলা বাহুল্য, এই বিভাগে ‘বুং’য়ের প্রতিপক্ষ হিসেবে ছিল ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুট্রোপলিস ২’-র মতো শক্তিশালী আন্তর্জাতিক মনোনীত ছবি। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার জয়ের দৌড়ে সবাইকে পেছনে ফেলে দেয় লক্ষীপ্রিয়া দেবী পরিচালিত এই আঞ্চলিক ছবি। এবছরের বাফটায় ভারতের হয়ে বুং একমাত্র নমিনেশন পেয়েছিল। আর সেই চলচ্চিত্রই এবার এনে দিল শ্রেষ্ঠত্বের মুকুট।

রবিবার রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজন করা হয় ২০২৬ সালের ব্যাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেইসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারহান আখতার, ফারহানের স্ত্রী শিবানী দণ্ডেকর, রীতেশ সিধওয়ানি, এবং স্বয়ং লক্ষ্মীপ্রিয়া দেবী। সকলে মিলেই তাঁরা পুরস্কারের ট্রফি গ্রহণ করেন।

 

View this post on Instagram

 

A post shared by Farhan Akhtar (@faroutakhtar)

কাকতালীয়ভাবে, বাফটার মঞ্চে সন্মানিত হওয়ার এই দিনটি ছিল ফারহান আকতারের চতুর্থ বিবাহ বার্ষিকী। অনুষ্ঠানে তাই এই দম্পতির উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছিল। ফারহানের পরনে ছিল কালো টাক্সিডো আর শিবানী পরেছিলেন গোল্ডেন গাউন।

অশান্ত মণিপুরের প্রেক্ষাপটে তৈরি ‘বুং’ হল আদতে একটি সম্পূর্ণ পারিবারিক ছবি। মণিপুরি ভাষায় ‘বুং’ শব্দটির অর্থ হল ‘ছোট ছেলে’। সরল সাদাসিধে একটি শিশুমনের ইচ্ছাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির মূল কাহিনী। বাবা হারিয়ে যাওয়ার পর থেকে সে একাকী থাকে মায়ের সঙ্গে। সে জানে বাবাকে খুঁজে আনলেই হাসি ফুটবে মায়ের মুখে। বাবাকে কি সে খুঁজে পাবে? বুং ছবিতে ছোট ছেলেটির চরিত্রে অভিনয় করেছে গুগুন কিপজেন এবং মায়ের চরিত্রে বালা হিজাম।

গত সেপ্টেম্বরে পেক্ষাগৃহে মুক্তি পায় বুং। তার আগে ২০২৪ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল এই ছবি। এরপর মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এই ছবি। প্রশংসা পায় সমালোচক থেকে দর্শকদের। বিশ্ব চলচ্চিত্র মঞ্চে ‘বুং’-এর জয়জয়কার ভারতীয় ছবির ক্রমবর্ধমান প্রভাবকে ইঙ্গিত করে।

 

আরও পড়ুন – অক্ষয় কুমারের সঙ্গে নাম জড়ায় এই বলি নায়িকার, খবর জানা মাত্রই ‘হুমকি’ দিয়েছিলেন রবিনা

আরও পড়ুন – ভারতে ফিরছেন লাতিন পপ তারকা শাকিরা, শাকিরা ইন্ডিয়া ট্যুর নিয়ে বিস্তারিত

ফলো করুণ-