১৬ টাকায় ‘ধুরন্ধর’-এর ‘পাইরেটেড কপি’
৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পায় রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। ভারতে তো বটেই, এমনকি বিদেশে ভালো ব্যবসা করলেও পাকিস্তান সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশে নিষিদ্ধ হয়ে যায় ‘ধুরন্ধর’। পরবর্তীকালে, নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর পাকিস্তানি দর্শকরা ছবিটি দেখার সুযোগ পান। এখন সেই ‘ধুরন্ধর’-এর ‘পাইরেটেড কপি’ শোনা যাচ্ছে পাকিস্তানের বাজারে রমরমিয়ে ব্যবসা করছে। তাও আবার নামমাত্র দামে। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে নিউ জিল্যান্ডের ইউটিউবার কার্ল রকের শেয়ার করা একটি ভিডিওতে।
কার্ল রকের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে কিভাবে সামান্য কিছু টাকার বিনিময়ে সেদেশের বাজারে বিক্রি হচ্ছে ভারতীয় ছবির কপি। তার মধ্যে রয়েছে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ও। পাকিস্তানের ব্যস্ত রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় কার্ল লক্ষ্য করেন বিষয়টি। তাঁর কথায়, ‘‘পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধ। কিন্তু দেখুন আমি কি পেলাম!” রাস্তার পার্শ্ববর্তী একটি দোকানে ‘ধুরন্ধর’ অভিনেতা রণবীর সিংয়ের একটি পোস্টার দেখে কার্ল দোকানদারকে জিজ্ঞেস করেন, “আরে হ্যাঁ, এটা তো নতুন ছবি, এই ছবি হিন্দুস্থান থেকে এসেছে না?” দোকানদার তখন তাঁর প্রশ্নের উত্তরে বলেন, “হ্যাঁ, এটা ভারতীয় ছবি, ‘ধুরন্ধর’।” এরপর তিনি দোকানদারকে ওই ছবির ‘পাইরেটেড কপি’র দাম জিজ্ঞেস করেন। উত্তরে জনৈক দোকানদার জানান, “৫০ টাকা (ভারতীয় মূল্য অনুযায়ী যার দাম প্রায় ১৬ টাকা )।” এই দাম শুনে কার্ল তখন অবাক হয়ে বলেন, “অনেক সস্তা।”
বলা বাহুল্য, চলতি মাসের শুরুতে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল, ওটিটিতে মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী নেটফ্লিক্স-এর সেরা ১০টি অইংরেজি ছবির তালিকায় শীর্ষস্থান অধিকার করে নিয়েছে ‘ধুরন্ধর’। পাকিস্তানেও নেটফ্লিক্সে এই ছবি পয়লা নম্বরে ছিল। শোনা গিয়েছিল, প্রথম থেকেই নাকি পাকিস্তানে এই ছবির জনপ্রিয়তা তুঙ্গে। প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনে সংস্কৃতির আদানপ্রদান বন্ধ। তার ফলে সেখানকার পেক্ষাগৃহে ভারতীয় কোন ছবি চলেই না। সেই পরিস্থিতিতে ‘ধুরন্ধর’-এর মত দেশভক্তিমূলক ছবি পাকিস্তানে এমন জনপ্রিয়তা লাভ করবে তা কল্পনার অতীত ছিল। এই ছবির দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ মার্চ ২০২৬। সুতরাং আগামী দিনেও এই ছবির দ্বিতীয় কিস্তি পাকিস্তানি দর্শকদের মন জয় করতে পারে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন – ৯ কোটির ঋণ মামলায় কিভাবে জড়িয়ে পড়লেন রাজপাল যাদব?
আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’-এর কয়েক ঝলক নাকি দেখে ফেলেছেন রুপালি গাঙ্গুলি? কিভাবে? দেখে কি বললেন অভিনেত্রী?


