Tuesday, March 3

বিনোদন

হোলির দিন মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার? ছবির রানটাইম নিয়ে কি জানা গেল?

আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এযাবৎকাল অবধি নির্মিত দীর্ঘতম হিন্দি ছবি মধ্যে অন্যতম হতে চলেছে। জানা যাচ্ছে, ছবিটির সম্ভাব্য রানটাইম প্রায়…
হোলির দিন মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার? ছবির রানটাইম নিয়ে কি জানা গেল?
আদৌ কি হোলির দিন আসছে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার? ছবি- ইনস্টাগ্রাম।

‘Dhurandhar 2’ Trailer Release Date, Runtime

‘ধুরন্ধর ২’-কে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বক্স অফিসে প্রথম কিস্তির তুমুল সাফল্যের পর এবার সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। ঘোষণা অনুযায়ী, রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ ২০২৬। তার আগেই সমাজমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে নতুন করে গুঞ্জন- ৩ মার্চ ২০২৬, অর্থাৎ হোলির দিন মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার। সত্যিই কি তাই?

সম্প্রতি বলিউড হাঙ্গামা-তে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবির রানটাইম এবং ট্রেলার মুক্তি নিয়ে একাধিক ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এযাবৎকাল অবধি নির্মিত দীর্ঘতম হিন্দি ছবি মধ্যে অন্যতম হতে চলেছে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, ছবিটির সম্ভাব্য রানটাইম প্রায় ২৩৫ মিনিট, অর্থাৎ ৩ ঘণ্টা ৫৫ মিনিট। স্বাভাবিকভাবেই, এই সময়সীমা ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তির তুলনায় অনেকটাই বেশি। ফলে আসন্ন ছবির ব্যাপ্তি ও পরিসর নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।

ওই প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, নির্মাতারা নাকি হোলির দিন ট্রেলার প্রকাশ্যে আনার কথা বিবেচনা করছেন। তাই যদি সত্যি হয়, তবে রঙের উৎসবে বড়সড় চমক হতে পারে ‘ধুরন্ধর ২’-এর প্রথম ঝলক। সমাজমাধ্যমে এই জল্পনাকে ঘিরে ইতিমধ্যে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। উৎসবের আবহে ট্রেলার মুক্তি পেলে ছবির প্রচারে তা বাড়তি গতি আনবে বলে মনে করছে অনুরাগীদের একটা বড় অংশ।

তবে এই জল্পনার মাঝেই ভিন্ন সুর শোনা গেছে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ-এর বক্তব্যে। হোলির দিন ট্রেলার মুক্তির সম্ভাবনা তিনি কার্যত নস্যাৎ করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়েছেন, “আগামীকাল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার মুক্তি পাচ্ছে না। গণমাধ্যমের একাংশে যে খবর ইতিমধ্যে ছড়িয়েছে তা সঠিক নয়।” পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তরন আদর্শ আরও জানান, তিনি #Jio Studios-এর সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের তরফে জানানো হয়েছে, ট্রেলার উন্মোচনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হলেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

ফলে আপাতত হোলির দিন ট্রেলার মুক্তি নিয়ে জল্পনা থাকলেও তার তরফে নিশ্চিত কোনো ঘোষণা নেই। দর্শকদের তাই আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, ‘ধুরন্ধর ২’ নিয়ে কৌতূহল এবং প্রত্যাশা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। ট্রেলার প্রকাশের নির্দিষ্ট দিন সামনে এলে যে তা বড়সড় আলোড়ন তুলবে, সে বিষয়ে সংশয় নেই, মত অনুরাগীদের।

 

তথ্যসুত্র– বলিউড হাঙ্গামা, সংবাদমাধ্যম

আরও পড়ুন – শ্রীদেবীর মৃত্যুরহস্য, যা জানা যায়

আরও পড়ুন – শর্মিলাকে ইমপ্রেস করতে নাকি ৭টা ফ্রিজ পাঠিয়েছিলেন টাইগার পতৌদি

ফলো করুণ-