কি কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং?
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আকস্মিকভাবে নিজের কেরিয়ার নিয়ে বড়সড় ঘোষণা করেছেন দেশের অন্যতম প্রতিভাশালী গায়ক অরিজিৎ সিং। জানিয়েছেন এবার থেকে তিনি আর কোনো সিনেমায় প্লেব্যাক করবেন না। খ্যাতনামা গায়কের আকস্মিক এই ঘোষণায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে বিনোদন দুনিয়ায়। তাঁর ভক্ত থেকে অনুরাগীরা এই শূন্যতা মেনে নিয়েও যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। এই মুহূর্তে বলিউডের একনম্বর গায়ক তিনি। ফলে কেরিয়ারের শিখরে থাকার সময়ে তাঁর এইরকম সিদ্ধান্তে সবাই হতবাক। সকলেরই মনে এখন একটাই প্রশ্ন, হঠাৎ করে কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং?
অরিজিৎ সিং জানিয়েছেন আপাতত তাঁর হাতে যেকটি প্লেব্যাকের কাজ বাকি রয়েছে তার সবকটি আগে শেষ করবেন তিনি। কিন্তু তারপর? এরপর তাঁর কন্ঠ কি আর শুনতে পাওয়া যাবে না? এরকম প্রশ্নের জবাব খুজছেন তাঁর কোটি কোটি ফ্যানেরা। তবে তার উত্তর দিয়েছেন গায়ক নিজেই।
নিজের এই ব্যক্তিগত সিদ্ধান্তের নেপথ্যে কারণ ব্যাখ্যা করে তিনি ট্যুইট করেছেন বলে দাবি করছেন তাঁর ভক্তরা। তিনি জানিয়েছেন কোনো নির্দিষ্ট একটি করণের জন্য এই সিদ্ধান্ত নেননি তিনি। তিনি লিখেছেন, “এর নেপথ্যে কেবল একটি নয়; একাধিক কারণ রয়েছে এবং আমি অনেকদিন ধরেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলাম। অবশেষে, প্রয়োজনীয় সাহস আমি সঞ্চয় করেছি।”
আরও পড়ুন – ‘মুখোশ মানুষ’ তলবিন্দর সিং-এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিশা পাটানি?
শিল্পীর ব্যাখ্যায়, এর একটা কারণ খুবই স্পষ্ট। আর তা হল, “আমি অল্পতেই বিরক্ত হয়ে যাই। যে কারণে আমি আমার গান বারবার গাইতে থাকি এবং লাইভ প্রেজেন্ট করি।” এরপর তিনি লিখেছেন তাঁর একান্ত অনুভূতির কথা, “আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বেঁচে থাকার জন্য আমাকে বিভিন্ন ধরনের গান গাইতে হবে। আরেকটি বিষয় হল, নতুন গায়কদের উঠে আসতে দেখতে চাই আমি, যারা আমাকে সঙ্গীতের প্রকৃত প্রেরণা খুঁজে নিতে উৎসাহ যোগাবে।”
অরিজিৎ সিংয়ের এই আবেগ আর অনুভূতি বুঝতে গেলে ফিরে যেতে হবে তাঁর কেরিয়ারের শুরুর দিকে। যে সময় তিনি লড়াই আর কসরৎ করে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত ভিত গড়ে তুলেছিলেন। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়ালিটি শো’তে অংশ নিয়ে সঙ্গীতের দুনিয়ায় পা বাড়িয়েছিলেন। যদিও সেবার তাঁকে ফাইনালের আগেই স্টেজ থেকে ফিরতে হয়েছিল। এরপর ২০১১ সালে বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তাঁর প্রথম বড় সুযোগ আসে ‘মার্ডার ২’ ছবিতে ‘ফির মহব্বত করনে চলা হ্যায়’ গানের মাধ্যমে। সেবার তিনি প্রথম সাফল্যের মুখ দেখেছিলেন।
তবে ২০১৩ সালে ‘আশিকি ২ ’ ছবিতে তাঁর গাওয়া ‘তুম হি হো’ গান তাঁকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এত বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি অসংখ্য গান গেয়েছেন। শুধু প্লেব্যাক নয়, লাইভ শো, দেশবিদেশের মাটিতে অসংখ্য ইভেন্টে তিনি দর্শক মাতিয়েছেন। একই গান তিনি বারবার বিভিন্ন মঞ্চে, বিভিন্ন ভাবে গেয়েছেন। তাঁর গানের আবেগে আপ্লুত হয়েছেন কোটি কোটি শ্রোতারা।
অরিজিৎ সিংকে কোনোদিনই বলিউডের গ্ল্যামার বা স্টারডম প্রভাবিত করতে পারেনি। অর্থ, খ্যাতি, সাফল্য এবং বিপুল জনপ্রিয়তার স্রোতের মধ্যেও তিনি নিজেকে ‘বাঁচিয়ে’ রেখেছিলেন। নিজের চারিদিকে গন্ডিকাটা একটি বৃত্তের মধ্যে সঙ্গীতের মূর্ছনায় তিনি সময় কাটাতে ভালোবাসেন। অন্যদিকে, প্লেব্যাক জগতে লাগামহীন গতিশীলতা, প্রযোজক-পরিচালকদের শর্ত, দর্শকের চাহিদা সচরাচর লেগেই থাকে। নিজের সহজাত প্রবৃত্তি অনুযায়ী কাজ করার ফুরসৎ পাওয়া যায় না। সেই কারণেই হয়তো ক্রমে ক্রমে অরিজিৎ সিং এসবের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে অনেকের অভিমত। তাছাড়া, বিরামহীন ব্যস্ততার মধ্যে বহুবছর কাটানোর পর অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁর কথায় সেটি বেশ স্পষ্ট। তিনি নিজের মত করে সঙ্গীত সাধনা করার পথ বেছে নিয়েছেন। যেখানে শিল্পী গান গাইতে পারবেন চাহিদা অনুযায়ী নয়, আবেগের স্বতঃস্ফূর্ততায়।
আরও পড়ুন – সারা আলি খানকে নিয়ে ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া
আরও পড়ুন – প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর গান গাইবেন না সুরের জাদুকর অরিজিৎ সিং


