Thursday, March 12

বিনোদন

আপাতত ভারতে মুক্তি পাচ্ছে না সন্ধ্যা সুরি পরিচালিত ক্রাইম – ড্রামা ঘরানার সিনেমা ‘সন্তোষ’

সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমা 'সন্তোষ'
সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমা 'সন্তোষ' (ছবি সৌজন্যে- mk2films)

সেন্সরশিপ বিতর্কে  আপাতত ভারতে মুক্তি পাচ্ছে না সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমা ‘সন্তোষ।’ ৯৮ মিনিটের ক্রাইম – ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী শাহানা গোস্বামী। এই বছর যুক্তরাজ্য থেকে অস্কারের জন্যও মনোনীত হয়েছিল ছবিটি।

তবে আন্তর্জাতিকভাবে বহুল প্রসংশিত এই ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে না। ভারতের ফিল্ম সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি মুক্তির জন্য ছাড়পত্র দেয়নি।

দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুযায়ী সন্তোষ ছবিতে পুলিশি বর্বরতা, বর্ণ বৈষম্য এবং নারী বিদ্বেষ যে চিত্রায়ন করা হয়েছে তাতে কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) ছাড়পত্র দিতে রাজি হয়নি।

Santosh movie
সন্ধ্যা সুরি পরিচালিত সন্তোষ’ ছবি গ্রামীণ উত্তর ভারতের প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে নির্মিত (ছবি সৌজন্যে- mk2films)

বোর্ডের এরকম সিদ্ধান্তের পর ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরি অত্যন্ত ভেঙে পড়েন। বোর্ডের এই সিদ্ধান্তকে তিনি  ‘হতাশাজনক এবং হৃদয়বিদারক’ হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, “এটা আমাদের সকলের জন্য হতবাক  করার মত বিষয় কারণ আমার মনে হয়নি যে এই বিষয়গুলো ভারতীয় সিনেমায়, বা বিশেষ করে নতুন বা অন্য কোন চলচ্চিত্রে আগে কখনও উঠে আসেনি।”

সন্ধ্যা সুরির ‘সন্তোষ’ ছবিটি গ্রামীণ উত্তর ভারতের  প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে নির্মিত। ছবিতে শাহানা গোস্বামী অভিনয় করেছেন বিধবা এক নারীর চরিত্রে। স্বামী নিহত হওয়ার পর ওই বিধবা স্বামীর পুলিশ কনস্টেবলের চাকরিটি পান। কাজে যোগদান করার পর তার জীবনে  আসতে শুরু করে নানান চ্যালেঞ্জ। নারী বিদ্বেষ, পুলিশি বর্বরতার সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট ছবির গতি এনেছে।

২০২৪ এর কান ফিল্ম ফেস্টিভালে সুরির ছবিটি যথেষ্ট প্রসংশা কুড়িয়েছিল। ৭৮ তম বাফটা পুরস্কারের জন্যও ছবিটি মনোনীত হয়েছে। এহেন ছবির ভারতের পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার অনিশ্চয়তা যে ছবির লেখক ও পরিচালককে আহত করবে তা বলার অপেক্ষা রাখে না।

ছবিটি প্রকাশ পাওয়ার জন্য সেন্সর বোর্ড যে সব শর্ত দিয়েছে তাতে ছবির সবাই একমত হতে পারেন নি। ছবির মূল অভিনেত্রী শাহানা গোস্বামী জানান, ছবিটির চিত্রনাট্যে বোর্ড অনুমতি দিয়েছিল। সেই চিত্রনাট্য মেনে ছবি তৈরি হলেও কি কারণে কেন্দ্রীয় সেন্সর বোর্ড এখন অনুমতি দিছে না তা পরিষ্কার নয়।

ফলো করুণ-